বরিশালে জয়িতার মৃত্যু নিয়ে গুজব, সাম্প্রদায়িক হত্যার দাবি বিভ্রান্তিকর

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতার কারণে বরিশালে ১৫ বছর বয়সী হিন্দু কিশোরী ‘জয়িতা মণি’ নিহত হয়েছেন। পোস্টগুলোতে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়েছে।
তবে বিষয়টি যাচাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয় এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তর- এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, যার শিরোনাম ছিল- ‘মোবাইল রেখে পড়তে বলায় স্কুলছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের’। ওই প্রতিবেদনে সামাজিক মাধ্যমে প্রচারিত একই কিশোরীর ছবি ব্যবহার করা হয়েছে, যা নিশ্চিত করে যে ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি সেই একই ঘটনার সঙ্গে সম্পর্কিত।
প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের দাবি, মোবাইল ফোন ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দিতে বলায় মায়ের সঙ্গে অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করে। ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা বা হামলার কোনো সম্পর্কের তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, একটি ব্যক্তিগত ও পারিবারিক ঘটনার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক কারণে হত্যার দাবি প্রচার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সুতরাং, সাম্প্রদায়িক কারণে বরিশালের হিন্দু কিশোরী জয়িতা মণির মৃত্যু হয়েছে- এমন দাবি বিভ্রান্তিকর।

