শহীদ সেনা দিবসের ছবিকে ব্যবহার করে তারেক-হাসিনা সাক্ষাৎ দাবি ভুয়া

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। ভাইরাল হওয়া ভিডিওটি প্রকৃত কোনো ঘটনার ফুটেজ নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে একাধিক অসঙ্গতি লক্ষ করা যায়। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মুখাবয়ব, চলাফেরা এবং দৃশ্যের গঠন অস্বাভাবিক মনে হয়, যা এআই প্রযুক্তিতে তৈরি ভিডিওর সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি ভিডিওটিতে কিছু দৃশ্যগত ত্রুটিও দেখা যায়, যা এ ধরনের কৃত্রিম ভিডিওতে প্রায়ই দেখা যায়।
এ বিষয়ে আরও অনুসন্ধানে কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি সেদিন শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ধারণ করা হয়েছিল। ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওতে দেখা দৃশ্যের উল্লেখযোগ্য মিল পাওয়া যায়।
পরবর্তীতে ‘হাইভ ডিটেক্ট’ (Hive Detect) নামের একটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিওটি যাচাই করা হলে ফলাফলে দেখা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
ফলে স্পষ্ট হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; বরং একটি ছবিকে ভিত্তি করে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা বিভ্রান্তিকর কনটেন্ট।

