বাফটার মঞ্চে আলিয়ার ‘নমস্কার’

বাফটার মঞ্চে অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে আলিয়া ভাট
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ২০২৬ সালের বাফটা অ্যাওয়ার্ডসের আসর। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর তৃতীয় ভারতীয় অভিনেত্রী হিসেবে বাফটার মঞ্চে অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে দেখা গেল আলিয়া ভাটকে। ‘সেরা ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্র’ ক্যাটাগরিটির নাম ঘোষণা করতে এসে আলিয়া বেছে নিলেন নিজের মাতৃভাষাকেই।
মঞ্চে এসেই হাত জোড় করে দর্শকদের ‘নমস্কার’ জানান আলিয়া। এরপর হিন্দিতে বলেন, “নমস্কার! আগলা অ্যাওয়ার্ড এক অ্যায়সি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো ইংরেজি মে নেহি হ্যায়।” এরপর রসিকতা করে বিশ্বজুড়ে থাকা দর্শকদের উদ্দেশ্যে ইংরেজিতে বলেন, “সবাই এখনই সাবটাইটেল খুঁজবেন না। আমি কেবল হিন্দিতে এটাই বলছিলাম যে, পরের পুরস্কারটি ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্রের জন্য। সিনেমা অসংখ্য ভাষায় কথা বলতে পারে, কিন্তু আমরা সবসময় চলচ্চিত্রের ভাষাকেই উদযাপন করি যা আমরা সবাই সাবলীলভাবে বুঝি।”
পরবর্তীতে নরওয়েজীয় চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমাটির হাতে আলিয়া এই পুরস্কার তুলে দেন।
নিজের প্রথম বাফটা নাইটে রেড কার্পেটে আলিয়াকে দেখা গেছে হলিউড আইকন মেরিলিন মনরোর আদলে। রুপালি রঙের কাস্টম গুচি গাউন আর সাদা স্টোলে তিনি যেন ‘গ্ল্যামার’ ছড়িয়ে দিচ্ছিলেন। ব্রিটিশ ভোগ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগেই জানিয়েছিলেন, এই রাতের জন্য তিনি বিশেষ গ্ল্যামারাস লুক তৈরি করতে চেয়েছিলেন।
এদিন আলিয়ার সঙ্গে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন সিলিয়ান মারফি, ব্রায়ান ক্র্যানস্টন, কেট হাডসন এবং মনিকা বেলুচ্চির মতো বিশ্বখ্যাত তারকারা।
সুত্রঃ এনডিটিভি

