সত্যিই কি রাশমিকাকে ‘আনফলো’ করেছেন বিজয়?

রাশমিকা ও বিজয়
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ইনস্টাগ্রামে তার স্ত্রী রাশমিকা মান্দানাকে ‘আনফলো’ করে দিয়েছেন।
তবে কি এ নবদম্পতির সম্পর্কে কোনো টানাপড়েন শুরু হলো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটপাড়ায়।
খোঁজ নিয়ে জানা গেছে, এ গুঞ্জনের পেছনে মূলত ভুল বোঝাবুঝি রয়েছে। ইনস্টাগ্রামে বিজয়ের অ্যাকাউন্ট ঘাঁটলে দেখা যায়, তিনি শুরু থেকেই কাউকেই ‘ফলো’ করেন না অর্থাৎ তার ফলোয়িং লিস্ট বরাবরই ছিল শূন্য, যার মধ্যে রাশমিকাও ছিলেন না।
তবে রাশমিকা এখনো ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করছেন। ফলে বিজয়ের এ ‘জিরো-ফলোয়িং’ অভ্যাসটিকে কোনোভাবেই তাদের সম্পর্কের ভাঙন বা দূরত্বের লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই। তাছাড়া এ তারকা জুটির পক্ষ থেকেও ব্যক্তিগত কোনো দাম্পত্য কলহের কথা নিশ্চিত করা হয়নি।
সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ হাজির হয়ে নিজেদের প্রেম ও বিয়ের নানা অজানা গল্প শেয়ার করেন এ জুটি। শোয়ে বিজয় জানান, তার ইচ্ছে ছিল ইতালিতে নিয়ে গিয়ে রাশমিকাকে প্রপোজ করার, কিন্তু পছন্দসই আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
শেষ পর্যন্ত বিয়ের ঠিক আগে, সংগীতের আসরেই তিনি রাশমিকাকে প্রপোজ করেন, যাতে তার ভালোবাসার মানুষটি জীবনের এ বিশেষ অনুভূতি থেকে বঞ্চিত না হন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদয়পুরের এক রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বিজয় ও রাশমিকা।
২০১৮ সালে প্রথমবার একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের সম্পর্ককেই চলতি বছর বিয়েতে রূপ দেন এ তারকা জুটি।




