দর্শকদের জন্য এটি বড় সারপ্রাইজ হবে: দুলকার সালমান

দুলকার সালমান। ছবি: ইনস্টাগ্রাম
আগামী ৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মালায়লাম ও প্যান-ইন্ডিয়ান তারকা দুলকার সালমানের নতুন সিনেমা ‘আই অ্যাম গেম’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকলেও, ট্রেলারে যা দেখানো হয়েছে আসল গল্প নাকি তার চেয়ে একেবারেই আলাদা।
সম্প্রতি হায়দরাবাদের একটি কলেজে সিনেমাটির প্রচারণায় গিয়ে এক বড় চমকের কথা জানান দুলকার নিজেই। তিনি জানিয়েছেন, সিনেমায় রয়েছে এক প্রচ্ছন্ন ফ্যান্টাসি উপাদান, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা উপহার দেবে।
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী দুলকার জানান, প্রেক্ষাগৃহে দর্শকদের দেখার অভিজ্ঞতা যাতে নষ্ট না হয়, সে কারণেই নির্মাতারা সচেতনভাবে ট্রেলারে মূল চমকটি চেপে গেছেন। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে সিনেমাটির গল্প একজন ব্যক্তির হাত প্রতিস্থাপন এবং এক মৃত ব্যক্তির প্রতিশোধের ওপর ভিত্তি করে তৈরি।
তবে ট্রেলারে একদম ভিন্ন দৃশ্যপট দেখা গেছে। দুলকার অভিনীত চরিত্র ‘ড্যান জন’ একজন ঝুঁকিপ্রিয় এবং হিসাব কষে দ্রুত টাকা আয় করা যুবক। জুয়া বা বাজিতে তিনি ভাগ্যের চেয়ে অ্যালগরিদমের ওপর নির্ভর করেন।
কিন্তু বিপত্তি ঘটে যখন সেই অ্যালগরিদম তার বিরুদ্ধে কাজ করা শুরু করে। দুলকারের মতে, ফ্যান্টাসি কোণটি সিনেমাটিকে কেবল কোনো সাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার নয়, বরং অন্য উচ্চতায় নিয়ে যাবে।
অনেক দিন পর পর্দায় একটু উদ্ধত, বেপরোয়া এবং ডানপিটে চরিত্রে দেখা যাবে দুলকারকে। চরিত্রটি নিয়ে দুলকার বলেছেন, ‘ড্যান জন চরিত্রটি দর্শকদের জন্য বড় একটি সারপ্রাইজ হবে। আমি বেশ কিছুদিন পর এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যা দর্শকেরা শেষ পর্যন্ত উপভোগ করবেন।’
নাহাস হিদায়াথ পরিচালিত এই বিগ বাজেট ড্রামায় দুলকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অ্যান্টনি ভার্গিস পেপে, কায়াদু লোহার, কথির, মিসকিন, সংযুক্তা এবং বিনয় ফোর্টকে। ২১ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় পিছিয়ে ৩ সেপ্টেম্বর নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।








