যুক্তরাষ্ট্রের মাটিতে লিওনেল মেসিকে সামনাসামনি দেখে আপ্লুত মাহি

মায়ামির স্টেডিয়ামে ধারণ করা অভিনেত্রী সামিরা খান মাহির বিশেষ মুহূর্ত
বিশ্ব ফুটবলের বরপুত্র ও কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষ হৃদয়ে ধারণ করেন। জনপ্রিয় ঢাকাই মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহিও এ জাদুকরের অন্ধ ভক্ত।
তবে প্রিয় তারকাকে হঠাৎ করেই চোখের সামনে এভাবে দেখতে পাবেন এবং তার খেলা উপভোগ করবেন, এমনটা কখনোই কল্পনা করেননি এ অভিনেত্রী। সম্প্রতি মায়ামিতে গিয়ে তেমনই এক অবিশ্বাস্য চমক পেলেন মাহি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে এ দারুণ মুহূর্তটির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মাহি। প্রকাশিত ছবিগুলোয় দেখা যায়, যুক্তরাষ্ট্রের মায়ামির ‘নু স্টেডিয়ামে’ বান্ধবীদের নিয়ে হাজির হয়েছেন তিনি।
তার সঙ্গে ছিলেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাসহ আরও এক বান্ধবী। গ্যালারিতে বসে তাদের আনন্দ ও উচ্ছ্বাস মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়েছে। পাশাপাশি একটি ছবিতে ধরা পড়েন স্বয়ং লিওনেল মেসিও।
ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।’
কিছুদিন আগে ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মাহি ও মিথিলা। পুরস্কার বিতরণী পর্ব শেষে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার ফাঁকেই তাদের এ যুক্তরাষ্ট্র সফরটি মেসি-দর্শনের সুবাদে জীবনের এক স্মরণীয় অধ্যায়ে পরিণত হলো।






