সামাজিক মাধ্যমে ফিরলেন অভিনেতা পাভেল, দিলেন নতুন বার্তা

সাইদুর রহমান পাভেল
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ও সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার পর অবশেষে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘বজরা বাজারের জাকির’ বা ‘নেইমার জাকির’ চরিত্রে দেশ জুড়ে পরিচিতি পাওয়া এ অভিনেতার প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক হ্যান্ডেলে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন পাভেল।
ছবিতে দেখা যায়, নাটকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পাশা ভাই’-এর কক্ষে থাকা সেই পরিচিত ম্যানিকুইনটির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
পুতুলটির গায়ে জড়ানো নীল কাপড়, মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার। পুতুলটির দিকে এক অদ্ভুত ও হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছেন পাভেল।
ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ তার এ রূপকধর্মী ও খোঁচা দেওয়া ক্যাপশনটি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন পাভেল এবং প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন।
দেশে ফিরে বিভিন্ন স্টেজ শো ও ছোটখাটো চরিত্রে অভিনয়ের পর নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে পুরোদমে অভিনয় জীবন শুরু করেন তিনি।
তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কাজল আরেফিন অমি পরিচালিত মেগা হিট ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে রাতারাতি বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে। দীর্ঘ বিরতি কাটিয়ে তার এই কামব্যাক ও নতুন পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।




