ঐশ্বরিয়ার শরীরে হাত দেওয়ায় সালমানকে সবার সামনে ধমক দেন বানসালি

‘হাম দিল দে চুকে সানম’ সিনেমায় সালমান খান ও ঐশ্বরিয়া
বলিউডের অন্যতম আইকনিক সিনেমা ‘হাম দিল দে চুকে সানম’-এর পর্দায় সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের রসায়ন আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। শুধু অনস্ক্রিন রোমান্স নয়, অফস্ক্রিন তাদের সম্পর্কের সমীকরণ নিয়েও জল্পনার শেষ নেই।
সম্প্রতি এই সিনেমার শুটিং সেটের ভেতরের এক অজানা ও রোমাঞ্চকর তথ্য ফাঁস করেছেন সিনেমাতে ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী স্মিতা জয়কর। তিনি জানিয়েছেন, শুটিং চলাকালীন পরিচালক সঞ্জয় লীলা বানসালির নির্দেশ অমান্য করায় সালমানের ওপর চিৎকার করে উঠেছিলেন স্বয়ং পরিচালক।
সিদ্বার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে স্মিতা জয়কর জানান, সিনেমার বিখ্যাত গান ‘আঁখো কি গুস্তাকিয়াঁ’-এর শুটিংয়ের সময় একটি টেবিলের দৃশ্যে সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে চোখের ইশারায় রোমান্স ফুটিয়ে তোলার কথা ছিল। কিন্তু নির্দেশ ছিল সালমান যেন ঐশ্বরিয়াকে স্পর্শ না করেন, শুধুমাত্র তাকিয়ে থাকবেন।
কিন্তু শট চলাকালীন সালমান হঠাৎই গিয়ে ঐশ্বরিয়ার হাত স্পর্শ করে বসেন। ব্যস, অমনি রেগে আগুন হয়ে যান পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
সবার সামনে সালমানকে ধমক দিয়ে তিনি বলেন, ‘সালমান, তুমি ওকে কেন স্পর্শ করলে? তোমার শুধু দাঁড়িয়ে ওকে দেখার কথা ছিল।’ পরিচালকের এই কড়া মেজাজ দেখে সেটে পিনপতন নীরবতা নেমে এসেছিল।
পরবর্তী সময়ে সালমান ও ঐশ্বরিয়ার সেই অফস্ক্রিন প্রেম তিক্ততায় রূপ নেয়। ২০০২ সালে তাদের বিচ্ছেদ বলিপাড়ার অন্যতম আলোচিত ও বেদনাদায়ক অধ্যায় হয়ে ওঠে।
বহু বছর আগে সিমি গ্রেওয়ালের এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, নিজের ব্যক্তিগত জীবন ও পরিবারকে রক্ষা করার জন্যই তিনি এই পুরোনো অধ্যায়কে জনসমক্ষে আর টেনে আনতে চান না।
বর্তমানে স্বামী অভিষেক বচ্চন ও কন্যা আরাধ্যাকে নিয়ে নিজের মতো করে জীবন কাটালেও, নব্বইয়ের দশকের এই নস্টালজিক শুটিং গল্পগুলো আজও ভক্তদের মনে দারুণ কৌতূহল জাগায়।




