‘মহানগর’-এর নেটফ্লিক্সযাত্রা নিয়ে যা বললেন নির্মাতা নিপুন

আশফাক নিপুন
বিশ্বমঞ্চে বাংলা কনটেন্টের মুকুটে যুক্ত হলো এক নতুন ও গৌরবোজ্জ্বল মাইলফলক। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এবং আন্তর্জাতিক স্ট্রিমিং জায়ান্ট ‘নেটফ্লিক্স’-এর চুক্তির সুবাদে আগামী দুই বছর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্ব জুড়ে প্রদর্শিত হবে হইচইয়ের জনপ্রিয় সব কাজ।
এ চুক্তির আওতায় নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হচ্ছে বাংলাদেশের দুটি প্রশংসিত প্রডাকশন, নির্মাতা আশফাক নিপুনের সাড়া জাগানো থ্রিলার সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘বোয়েমিয়ান ঘোড়া’। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি ওয়েব কনটেন্টের মুন্সিয়ানা নতুন এক উচ্চতায় পৌঁছাল।
নিজের সৃষ্টি এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক পোস্ট দিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘‘সকল ধন্যবাদ আমার ‘মহানগর’ সিরিজের অভিনয়শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে বিশেষভাবে আমার টিম এবং হইচইকে, যাদের অবদান ছাড়া ‘মহানগর’ নেটফ্লিক্স পর্যন্ত যেতে পারত না।”
নিজের শিকড় ও সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, “না হলে চৌদ্দপুরুষে মিডিয়ার কেউ না থাকা, চিটাগাং উঠে আসা আমার পক্ষে সম্ভব হত না। গুটি গুটি পায়ে হইচই পর্যন্ত পৌঁছানো এবং সেখান থেকে নেটফ্লিক্সে ‘মহানগর’কে পৌঁছে দেয়া।”
পরিশেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ মেধাবী নির্মাতা বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি— মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন যত বড়, সম্ভাবনাও তত বড়। ভালোবাসা সব দর্শকদের, যারা দুহাত ভরে ‘মহানগর’কে ভালবাসা দিয়েছেন। আপনাদের ভালবাসা আমাকে স্বপ্ন দেখার সাহস যোগায়। আরও বড় কিছু হোক।”




