গানে গানে সালমা-বিপ্লবের ‘প্রেম লীলা’

বিপ্লব সাহা ও সালমা
ক্লোজআপ ওয়ান বিজয়ী সংগীতশিল্পী সালমা ও ফ্যাশন ডিজাইনার এবং বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা এবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নতুন গান ‘প্রেম লীলা’-তে। বিশ্বরঙ প্রেজেন্টসের আয়োজনে প্রকাশিত গানটি এরই মধ্যে অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত হয়েছে।
‘প্রেম লীলা’ গানের কথা লিখেছেন নির্মল দাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমার কণ্ঠের সঙ্গে বিপ্লব সাহার কণ্ঠের মেলবন্ধনে গানটিতে তৈরি হয়েছে প্রেমের আবহ।
শুধু গান নয়, ‘প্রেম লীলা’কে ঘিরে নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। বাংলার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পোশাকের নান্দনিকতাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ভিডিওটির দৃশ্য পরিকল্পনা। দেশীয় পোশাক, সাজসজ্জা, সেট ও দৃশ্যায়নের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাঙালির ঐতিহ্যের নানা অনুষঙ্গ।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বিপ্লব সাহা। এর চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা।
ফ্যাশন ডিজাইনার হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত বিপ্লব সাহা। ফ্যাশনের পাশাপাশি সংগীতের সঙ্গেও রয়েছে তার দীর্ঘদিনের যোগাযোগ। বিভিন্ন সময়ে দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে গান করেছেন তিনি। এবার সালমার মতো পরিচিত ও শক্তিশালী কণ্ঠশিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে নতুন গান প্রকাশ করলেন তিনি।
‘প্রেম লীলা’ এরই মধ্যে বিশ্বরঙের ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। গানটির পাশাপাশি মিউজিক ভিডিওর নান্দনিক উপস্থাপনও দর্শকদের আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।




