প্রথমে মাইক বন্ধ, এরপর মঞ্চ থেকেই নামিয়ে দেওয়া হলো শিল্পা রাওকে

শিল্পা রাও
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী সংগীত উৎসব ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর মঞ্চে ঘটে গেল এক চরম অপ্রত্যাশিত ঘটনা। গান গাওয়ার মাঝপথেই হঠাৎ বন্ধ করে দেওয়া হলো বলিউড গায়িকা শিল্পা রাওয়ের মাইক্রোফোন।
শুধু তাই নয়, দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলার আগেই অন্য এক শিল্পীকে মঞ্চে উঠিয়ে দেওয়া হয়। আয়োজকদের এমন আচরণে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়ে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই গায়িকা।
ঘটনার পর ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে শিল্পা রাও লিখেছেন, ‘মুম্বাই, আজ আমার হৃদয়ের একটা অংশ ভেঙে গেল। আমাদের এত সুন্দর একটা মুহূর্তকে যেভাবে কেড়ে নেওয়া হলো, তা সত্যিই ভীষণ কষ্টের।’
তবে গান ও মাইকের সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পরও দর্শকরা যেভাবে এক সুরে ‘শিল্পা শিল্পা’ বলে চিৎকার করে তার সমর্থনে এগিয়ে এসেছেন, তার জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গায়িকা কথা দিয়েছেন, এমন অসমাপ্ত গল্প শেষ করতে তিনি আবার ফিরে আসবেন।
শিল্পা রাওয়ের পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে গভীর রাতে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি দীর্ঘ বিবৃতি জারি করে ক্ষমা চায় কনসার্ট কর্তৃপক্ষ।
তাদের দাবি, পূর্ববর্তী শিল্পীদের পারফর্ম্যান্স নির্ধারিত সময়ের চেয়ে বেশি দীর্ঘায়িত হওয়ায় এবং স্থানীয় প্রশাসনের রাত ১০টার ‘নাইট কারফিউ’ বা সময়সীমার আইনি নিয়ম মেনে চলতে গিয়েই বাধ্য হয়ে শিল্পার পারফর্ম্যান্স মাঝপথে বন্ধ করতে হয়েছে।
হিমেশ রেশমিয়া, অনু মালিক, হরিহরণদের মতো নামকরা তারকাদের উপস্থিতিতে আয়োজিত এমন এক বড় মাপের মিউজিক ফেস্টিভ্যালে একজন প্রথম সারির শিল্পীকে এভাবে মঞ্চে অপমান করা নিয়ে এখন বিনোদন দুনিয়ায় তুমুল সমালোচনা চলছে।




