বিশ্বভ্রমণে দ্য ডিফিকাল্ট ব্রাইড

সংগৃহীত ছবি
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ওরিজন্তি’-তে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর, এক মাসের ব্যবধানে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ৯টি প্রথম সারির উৎসবে আমন্ত্রণ পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
রুবাইয়াত হোসেনের এই চলচ্চিত্র এখন একটি বৈশ্বিক যাত্রার নাম। কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এমন উৎসব-যাত্রা এর আগে ঘটেনি। এর আগে ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫) এবং ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯) নির্মাণ করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন।
কানাডায় সদ্যসমাপ্ত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে নর্থ আমেরিকান প্রিমিয়ারের পর আসন্ন দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আইকনস বিভাগে, যুক্তরাজ্যের বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন হিসেবে, জাপানের টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা এশিয়ান প্রিমিয়ারে এবং স্পেনের সিটগেস ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে নোভেস ভিশনস প্রতিযোগিতা বিভাগের পাশাপাশি ভারতের জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির হামবুর্গ চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এএফআই ফেস্টে এই চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রুবাইয়াত হোসেন বললেন, ‘উৎসবগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা আসেন তারা চলচ্চিত্রকে শুধু বিনোদন হিসেবে নয়; বরং জীবনকে নতুনভাবে ভাবার একটি মাধ্যম হিসেবে দেখেন। মাত্র এক মাসে এত বৈচিত্র্যময় দর্শকের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।’




