ভেনিসে ভাসল দ্য ডিফিকাল্ট ব্রাইড

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার পরিচালক, প্রযোজকসহ কলাকুশলীরা। ছবি: খনা টকিজ
ইতালির জলঘেরা ভেনিস শহরের লিদোতে ভাসল লাল-সবুজের আবহ। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস (অরিজোন্তি) প্রতিযোগিতা বিভাগে শোনা গেল বাংলাদেশের জয়গান। রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) পালাৎসো দেল সিনেমা ভবনের সালা দারসেনা থিয়েটারে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ভেনিসে প্রদর্শিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার চার অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু ও জাইনিন চৌধুরী করিম শাড়ি পরে হাজির হন উৎসবে।
ভ্যারাইটিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমাটির ভূয়সী প্রশংসা করা হয়েছে।
অতিপ্রাকৃত ও নারীবাদী এ সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র জাইনিন। বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে নিজের শরীরের সঙ্গে এক অদ্ভুত লড়াইয়ে জড়িয়ে পড়ে হবু এই কনে। ঢাকার সেই ‘মেফেয়ার’ বিউটি পার্লারই হয়ে ওঠে গল্পের অন্যতম পটভূমি। জাইনিন চরিত্রে অভিনয় করেছেন নবাগতা জাইনিন চৌধুরী করিম। এটিই তার প্রথম অভিনয়। এর আগে তিনি ছিলেন রুবাইয়াত হোসেনের সহকারী পরিচালক। ১৫-২০ বার অডিশন নিয়ে তাকে নির্বাচন করেন নির্মাতা।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ যৌথভাবে প্রযোজনা করেছেন আদনান ইমতিয়াজ আহমেদ, ফ্রান্সের ফ্রঁসোয়া দার্তেমার, পর্তুগালের পেদ্রু বোরজেস, নরওয়ের ইংরিড লিল হটগুন এবং জার্মানির আনা কাচকো। ওয়ার্ল্ড প্রিমিয়ারে ছিলেন বিদেশি প্রযোজকরা।
নায়িকাদের বয়ান
আজমেরী হক বাঁধন বললেন, ‘বাংলাদেশের একটি সিনেমা ভেনিসে বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে— এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের ও গর্বের। ভেনিসে এসে আমার মধ্যে একই সঙ্গে আনন্দ ও টেনশন কাজ করছিল। তবে প্রেস স্ক্রিনিংয়ের পর সিনেমাটির রিভিউ ভালো আসতে শুরু করায় টেনশন অনেকটাই কমে গেছে। এখন বরং পুরো বিষয়টা উপভোগ করছি। নিজের প্রতি ভালো লাগা কাজ করছে, কারণ চরিত্রটির জন্য অনেক পরিশ্রম করেছি এবং এখন ইতিবাচক ফল পাচ্ছি।’
সুনেরাহ বিনতে কামাল বলেছেন, “ভেনিস চলচ্চিত্র উৎসবে আসতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। আমার নিজের চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। তবে মেয়েটি কেমন এখনই জানাতে চাই না। আশা করি, ‘ডিফিকাল্ট প্রাইড’-এর যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাবে।”
সৌন্দর্যের চাপ
নারীর ওপর সৌন্দর্যের যে মানদণ্ড চাপিয়ে দেওয়া হয়, সেই দায় শুধু পুরুষদের ওপর চাপাতে নারাজ রুবাইয়াত হোসাইন। আজমেরী হক বাঁধন অভিনীত বিউটি পার্লারের মালিক চরিত্রটি জাইনিনের ওপর সৌন্দর্য বাড়ানোর ভাবনা চাপিয়ে দেন। এমনকি একটি দৃশ্যে মুখে ইনজেকশন দেওয়ার ঘটনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বিউটি পার্লারগুলোতে প্রচলিত কিছু সৌন্দর্যচর্চার চিত্র তুলে ধরতে চেয়েছেন নির্মাতা।
গণঅভ্যুত্থানের পটভূমি
সিনেমার পটভূমিতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অস্থিরতার কিছু ছাপ। তখন নারীদের পোশাক ও আচরণের ওপর নজরদারি এবং নিয়ন্ত্রণের দৃশ্য পর্দায় তুলে ধরা হয়েছে রিকিতা নন্দিনী শিমুর অভিনীত মিনোতি চরিত্রের মাধ্যমে। তবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’কে জুলাই ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়া হিসেবে দেখতে নারাজ রুবাইয়াত হোসাইন। তিনি ঢাকার এমন একটি বাস্তবতা তৈরি করতে চেয়েছেন, যেখানে বাইরে রাজনৈতিক সহিংসতা আছে, নারীর ওপরও রয়েছে নানা ধরনের সহিংসতা।
নারীর শ্রেণিভিত্তিক ট্রিলজি
রুবাইয়াত হোসাইন নিজের আগের চলচ্চিত্রগুলোর সঙ্গে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’কে এক ধরনের শ্রেণিভিত্তিক ট্রিলজি হিসেবে দেখছেন। ‘আন্ডার কনস্ট্রাকশন’-এ মধ্যবিত্ত নারী এবং ‘মেড ইন বাংলাদেশ’-এ ছিল শ্রমজীবী নারীর গল্প। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বলছে ঢাকার গুলশান-বারিধারা এলাকার অতি ধনীশ্রেণির নারীর গল্প। এত সুযোগ-সুবিধা ও ঐশ্বর্যের খাঁচার মধ্যে তারা স্বাধীন হতে পারছে না।
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে এবং রাত ১০টায় সালা ভলপি থিয়েটারে সাংবাদিকদের দেখানো হয় ১ ঘণ্টা ২৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
আজ স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে অ্যাস্ট্রা-২ থিয়েটারে এবং ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী হবে। এতে আরও অভিনয় করেছেন দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।







