প্রশংসায় ভাসছেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ও গিনা সান্ধু
প্রিয়াঙ্কা চোপড়া যে কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও কেন অনেকের প্রিয়, তা আবারও প্রমাণ করলেন ‘দ্য ব্লাফ’ এর প্রিমিয়ারে। সম্প্রতি মডেল গিনা সান্ধুর একটি ভাইরাল ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে, যেখানে প্রিয়াঙ্কার মানবিকতা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।
ঘটনাটি ঘটে প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে। সেদিন প্রিয়াঙ্কা পরেছিলেন গৌরব গুপ্তার ডিজাইন করা একটি রাজকীয় হলুদ রঙের শাড়ি গাউন। রেড কার্পেটে মডেল গিনা সান্ধুর সঙ্গে কথা বলার সময় গিনা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর চোখ দিয়ে জল পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কা কোনো দ্বিধা না করে নিজের দামী গাউনের অংশ দিয়েই গিনার চোখের জল মুছিয়ে দেন। শুধু তাই নয়, অত্যন্ত যত্ন সহকারে গিনার চুলগুলো ঠিক করে দিয়ে তাঁর সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন প্রিয়াঙ্কা।
এই সুন্দর মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করে গিনা লিখেছেন, “একজন সত্যিকারের ‘গার্লস গার্ল’। এমন একজন নারী যিনি আপনার চোখের জল মোছাতে নিজের দামী গাউন ব্যবহার করতেও পিছপা হন না!” তিনি প্রিয়াঙ্কাকে আসল ‘কুইন’ হিসেবে অভিহিত করে জানান, এই মুহূর্তটি তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা। ভক্তরা প্রিয়াঙ্কার এই আচরণকে ‘কুইন বিহেভিয়ার’ বলে বর্ণনা করছেন। কেউ লিখেছেন, “তিনি কেবল বিনয়ী নন, তিনি জানেন কীভাবে অন্য নারীকে সম্মান ও আগলে রাখতে হয়।” কারও মতে, গ্ল্যামার জগতের চাকচিক্যের মাঝেও প্রিয়াঙ্কার এমন সাদাসিধে ও আন্তরিক আচরণ সত্যিই বিরল।
‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কাকে একজন দাপুটে জলদস্যুর চরিত্রে দেখা যাবে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কার্ল আরবান। অ্যাকশনে ভরপুর এই ছবিটি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এর দ্বিতীয় সিজন।
সুত্রঃ হিন্দুস্তান টাইমস

