আগামীর সময়

‘ধুরন্ধর ২’ এর রহস্যময় ‘বড় সাহেব’ কি ইমরান হাশমি?

‘ধুরন্ধর ২’ এর রহস্যময় ‘বড় সাহেব’ কি ইমরান হাশমি?

ইমরান হাশমি ও রণবীর সিং

​২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা আদিত্য ধরের ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই ছবির প্রথম কিস্তি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই ভক্তদের মনে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রথম পার্টে বারবার উল্লেখ করা রহস্যময় খলনায়ক ‘বড় সাহেব’ চরিত্রে কাকে দেখা যাবে? দীর্ঘদিনের এই জল্পনার মাঝে ঘি ঢালল চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’ এর একটি তালিকা।

সম্প্রতি লেটারবক্সড এ ‘ধুরন্ধর ২’ এর কাস্ট লিস্টে হঠাৎ করে বলিউড তারকা ইমরান হাশমির নাম দেখা যায়। যদিও সেখানে তাঁর চরিত্রের নাম গোপন রাখা হয়েছে, কিন্তু ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও এক্সে নেটিজেনদের দাবি, ইমরান হাশমিই হতে চলেছেন সেই কুখ্যাত ‘বড় সাহেব’, যাকে টক্কর দেবেন রণবীর সিং ওরফে হামজা।

ইমরান হাশমির নাম আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। অনেকেই বলছেন, ইমরান হাশমি নেতিবাচক বা রহস্যময় চরিত্রে সবসময়ই দুর্দান্ত। সম্প্রতি ‘হক’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পর এই বিগ বাজেট মুভিতে তাঁর অন্তর্ভুক্তি সিনেমাটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছু সচেতন ব্যবহারকারী মনে করিয়ে দিয়েছেন যে, লেটারবক্সড বা আইএমডিবি র মতো সাইটগুলোতে সাধারণ মানুষও তথ্য এডিট করতে পারে।

তাই অফিশিয়াল ঘোষণা না আসা পর্যন্ত একে চূড়ান্ত বলা যাচ্ছে না।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এই ছবিতে রণবীর সিং ছাড়াও থাকছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং ইয়ামি গৌতমের মতো তারকারা। বক্স অফিসে এই ছবির সরাসরি লড়াই হবে দক্ষিণি সুপারস্টার ইয়াশ এর বহুল আলোচিত প্যান ইন্ডিয়া ছবি ‘টক্সিক’ এর সঙ্গে।

​প্রথম পার্টটি বিশ্বজুড়ে ১৩০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছিল। এখন ইমরান হাশমি যদি সত্যিই ‘বড় সাহেব’ হয়ে পর্দায় আসেন, তবে তা দর্শকদের জন্য এ এক বিশাল বড় পাওনা হবে।


সুত্রঃ হিন্দুস্তান টাইমস

    শেয়ার করুন: