চিরবিদায় নিলেন হলিউড অভিনেতা টম স্কেরিট

টম স্কেরিট
হলিউড চলচ্চিত্র জগত হারাল আরও এক উজ্জ্বল নক্ষত্রকে। বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘টপ গান’, ‘এলিয়েন’ এবং ‘ম্যাশ’-এর মতো কালজয়ী সিনেমার অভিনেতা টম স্কেরিট ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত বুধবার সিটলে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণে তার মৃত্যু ঘটে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রুক্ষ ব্যক্তিত্ব ও সিগনেচার গোঁফের জন্য পরিচিত টম স্কেরিট প্রায় ছয় দশক ধরে হলিউড পর্দা মাতিয়ে রেখেছিলেন। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত রবার্ট অল্টম্যানের সাড়া জাগানো সিনেমা ‘ম্যাশ’-এর মাধ্যমে তার অভিনয় জীবনের বড় ব্রেক আসে।
এরপর ১৯৭৭ সালের অস্কার মনোনীত সিনেমা ‘দ্য টার্নিং পয়েন্ট’ কিংবা ১৯৯২ সালের রবার্ট রেডফোর্ডের ‘এ রিভার রান্স থ্রু ইট’, সবখানেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।
বিশেষ করে ১৯৮৬ সালের মেগা হিট সিনেমা ‘টপ গান’-এ টম ক্রুজের এয়ার ফোর্স ইন্সট্রাক্টর ‘ভাইপার’ চরিত্রে তার অভিনয় আজও সিনেপ্রেমীদের মনে উজ্জ্বল হয়ে আছে।
অভিনয়ের পাশাপাশি কল্পনাশক্তি, গল্প বলার ক্ষমতা এবং মানবসেবায় তার গভীর অনুরাগের জন্য সহকর্মী ও ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তার মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।




