আগামীর সময়

আশির দশকের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার রানিয়ন আর নেই

আশির দশকের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার রানিয়ন আর নেই

মার্কিন অভিনেত্রী জেনিফার রানিয়ন

চলে গেলেন আশির দশকের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার রানিয়ন। গত ৬ মার্চ ৬৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘ঘোস্টবাস্টার্স’ চলচ্চিত্র এবং সিবিএস এর জনপ্রিয় সিটকম ‘চার্লস ইন চার্জ’ এ অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী এরিন মারফি সামাজিক যোগাযোগমাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে জেনিফার মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন।

১৯৬০ সালে শিকাগোতে এক শিল্পী পরিবারে জন্ম নেওয়া জেনিফারের বড় পর্দায় অভিষেক হয় ১৯৮০ সালে ‘টু অল আ গুড নাইট’ নামক একটি স্ল্যাশার চলচ্চিত্রের মাধ্যমে। তবে ১৯৮৪ সালটি ছিল তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বছর তিনি কালজয়ী কমেডি চলচ্চিত্র ‘ঘোস্টবাস্টার্স’ এ অভিনয় করেন এবং একইসঙ্গে ‘চার্লস ইন চার্জ’ ধারাবাহিকের প্রথম সিজনে গুয়েন্ডোলিন পিয়ার্স চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। পরবর্তীতে ‘আ ভেরি ব্র্যাডি ক্রিসমাস’ টেলিফিল্মে সিন্ডি ব্র্যাডির চরিত্রে তার অভিনয় ভক্তদের মনে স্থায়ী জায়গা করে নেয়।


ব্যক্তিগত জীবনে জেনিফার ১৯৯১ সালে বাস্কেটবল কোচ টড করম্যানকে বিয়ে করেন। তাদের সংসারে ওয়াট ও বেইলি নামে দুই সন্তান রয়েছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়জগত থেকে অনেকটা দূরে ছিলেন। ২০১৪ সালে তিনি জানিয়েছিলেন যে, অভিনয় থেকে অর্ধ অবসর নিয়ে তিনি শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে এরিন মারফি বলেন, জেনিফার ছিলেন অত্যন্ত পরোপকারী এবং প্রাণোচ্ছল একজন মানুষ। পরিবারের প্রতি তার নিবেদন ছিল অতুলনীয়। তার অকাল প্রয়াণে হলিউডের একটি প্রজন্মের স্মৃতিবিজড়িত অধ্যায়ের অবসান হলো।


সূত্র: ভ্যারাইটি

    শেয়ার করুন: