মুক্তি পাচ্ছে 'ও রোমিও', কী বার্তা দিলেন পরিচালক

সংগৃহীত ছবি
শাহিদ কাপুর অভিনীত ‘ও’রোমিও’ সিনেমাটি আজ ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তির ঠিক একদিন আগে পরিচালক বিশাল ভরদ্বাজ সামাজিক মাধ্যমে একটি আবেগঘন নোট শেয়ার করেন, যেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবন, সৃজনশীল সংগ্রাম এবং এই ছবির পেছনের আবেগের কথা তুলে ধরেছেন।
পরিচালক তাঁর নোটে পুরো টিমের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সমালোচক কিংবা বক্স অফিসের প্রতিক্রিয়া আসার আগেই তিনি সিনেমাটি নিয়ে নিজের গর্ব প্রকাশ করতে বাধ্য বোধ করেছেন। একই সঙ্গে তিনি ছবির প্রতিটি বিভাগের প্রধানদের ধন্যবাদ জানান। তাঁর কথায়, টিম শুধু প্রত্যাশা পূরণ করেনি বরং তাদের দৃষ্টিভঙ্গি, সততা, কঠোর পরিশ্রম এবং সিনেমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এই প্রজেক্টকে অন্য মাত্রা দিয়েছে।
নোটে বিশাল ভরদ্বাজ আরও জানান, ‘ও’রোমিও’ তাঁর জন্য শুধু একটি সিনেমা নয় এটি ছিল নিজের ভেতরের দ্বন্দ্বের মুখোমুখি দাঁড়ানোর একটি যাত্রা। এই ছবির কাজ করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, তাঁর ভেতরে ভালোবাসা এবং সহিংসতা দুটো অনুভূতিই শক্তভাবে সহাবস্থান করে।
তিনি আরও বলেন, প্রতিশোধের অনুভূতি দীর্ঘদিন ধরে অজান্তেই তাঁর সৃজনশীল কাজে প্রভাব ফেলেছে, যা তিনি সম্প্রতি উপলব্ধি করতে পেরেছেন। সমাজে বাড়তে থাকা ঘৃণা, সহিংসতা এবং অবিচার নিয়েও তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর মতে, সমাজের এই বাস্তবতা তাঁকে গভীরভাবে নাড়া দেয় এবং অনেক সময় তিনি এর বিরুদ্ধে নিজেকে অসহায় অনুভব করেন। তাঁর ভেতরে জমে থাকা এই যন্ত্রণাগুলো এই সিনেমার মাধ্যমে প্রকাশের পথ খুঁজে পেয়েছে।
সূত্রঃ এনডিটিভি

