মারা গেছেন অভিনেত্রী রিনা রহমান

দেশীয় চলচ্চিত্র ও নাটকের পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। গতকাল সোমবার রাত ৯টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।
সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। তার আকস্মিক প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।







