আবারও ‘মা হলেন’ পরীমনি

পরীমনি। ছবি: ফেসবুক
‘তিন নাম্বার জন ডান’, সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনির সংক্ষিপ্ত এক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। কোল জুড়ে ফুটে থাকা এক ফুটফুটে সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে চমক সৃষ্টি করেছেন এ তারকা। পুণ্য ও প্রিয়মের পর এবার তিনি পরিবারে স্বাগত জানালেন আরও এক নতুন সদস্যকে।
পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটিজেন ও ভক্তদের মাঝে কৌতূহল তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠেছে— তবে কি সত্যিই তৃতীয়বারের মতো মা হলেন পরীমনি? নাকি পুণ্য ও প্রিয়মের পর আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি?
শিশুদের প্রতি পরীমনির চিরন্তন ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। নিজের সন্তানদের পাশাপাশি যেকোনো শিশুর প্রতিই তার রয়েছে বিশেষ এক মায়া। বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার একাধিক সন্তানের মা হওয়ার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে রসিকতা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন।
চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে পরীমনির কোল জুড়ে আসে তার প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পুণ্যকে একাই লালন-পালন করছেন তিনি। পরে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
দুই সন্তানকে নিয়েই এতদিন কাটছিল পরীমনির ঘরকন্না ও পেশাগত ব্যস্ততা। সন্তানদের সঙ্গে কাটানো নানা আনন্দের মুহূর্ত তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিকমাধ্যমে।
সোমবারের প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে রোদচশমা পরে বসে আছেন পরীমনি, আর তার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এক ফুটফুটে সদ্যোজাত শিশু। ছবিটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে ভক্তদের আগ্রহ। মন্তব্যের ঘরে অনেকেই তাকে শুভকামনা জানানোর পাশাপাশি শিশুটির আসল পরিচয় জানতে চেয়ে হরেক রকমের প্রশ্ন তুলেছেন।
জুই ইসলাম নামের এক ভক্ত কমেন্ট করেছেন, ‘আপু, এটা ছেলে নাকি মেয়ে’। এই প্রশ্নের জবাবে পরীমনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তার কোলের এই ছোট্ট অতিথিটি একজন পুত্রসন্তান।
তুরান নামের এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘আর কয়টা নিবেন?’। এমন কৌতুহলী প্রশ্নের জবাবে পরীমনি উত্তর দেন, ‘৯৭ ইনশাআল্লাহ’।







