আগামীর সময়

প্রাক্তনের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক চুকিয়ে ফেললেন সিডনি সুইনি

প্রাক্তনের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক চুকিয়ে ফেললেন সিডনি সুইনি

সিডনি সুইনি

​ব্যক্তিগত জীবনের পর এবার পেশাদার জীবনেও প্রাক্তন বাগদত্তা জোনাথন ডাভিনোর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। নিজের ক্যারিয়ার এবং ব্যবসার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তিনি তাদের যৌথ মালিকানাধীন প্রযোজনা সংস্থাটি বন্ধ করে দিয়েছেন।

২০১৯ সালে সিডনি এবং জোনাথন মিলে ‘ফিফটি ফিফটি ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন। দীর্ঘ সাত বছর সম্পর্কের পর ২০২৫ সালের মার্চ মাসে তাদের বাগদান ভেঙে যায়। সম্প্রতি পাওয়া আইনি নথিপত্র অনুযায়ী, সিডনি ওই কোম্পানিটি বিলুপ্ত করার আবেদন জানিয়েছেন এবং জোনাথনকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়ে ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে মুক্তি দিয়েছেন। এখন থেকে তিনি এককভাবেই এই কোম্পানিটি পরিচালনা করবেন।

বিচ্ছেদের পর থেকেই জোনাথন ডাভিনো দাবি করে আসছিলেন যে, সিডনির আজকের সাফল্যের পেছনে তার বড় অবদান রয়েছে। তবে সিডনির ঘনিষ্ঠ সূত্রগুলো এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তাদের মতে, জোনাথন উল্টো সিডনির পরিচিতিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। বর্তমানে সিডনি মিউজিক এক্সিকিউটিভ স্কুটার ব্রাউনের সঙ্গে প্রেম করছেন এবং তারা বিষয়টি প্রকাশ্যেও এনেছেন।

ব্যক্তিগত জীবনে টানাপোড়েন থাকলেও ২০২৫ সালটি সিডনির ক্যারিয়ারের জন্য ছিল মাইলফলক। তার অভিনীত এবং প্রযোজিত ছবিগুলো বক্স অফিসে ঝড় তুলেছে।

​অ্যানিওয়ান বাট ইউ বিশ্বজুড়ে প্রায় ২১ কোটি ৮৯ লক্ষ ডলার আয় করেছে। ​দ্য হাউজমেড এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে এর আয় ৩৮ কোটি ৩০ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে।

​সব মিলিয়ে সিডনি এখন প্রমান করতে চাইছেন যে, তিনি কেবল একজন দক্ষ অভিনেত্রীই নন, বরং একজন সফল স্বাধীন প্রযোজকও। অপ্রয়োজনীয় চাপ সরিয়ে তিনি এখন পুরোপুরি নিজের কাজে মন দিতে চান।


সুত্রঃ নিউজ ১৮ 

    শেয়ার করুন: