আগামীর সময়

তারকা বলে অগ্রাধিকার নয়, রণবীর সিংয়ের আর্জি ফেরাল হাইকোর্ট

তারকা বলে অগ্রাধিকার নয়, রণবীর সিংয়ের আর্জি ফেরাল হাইকোর্ট

রণবীর সিং

কর্ণাটকের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত বছর গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া তে ‘কান্তারা’ ছবির ‘পাঞ্জুরলি’ বা ‘গুঁলিগা’ দৈবের অঙ্গভঙ্গি নকল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা খারিজের জন্য রণবীর জরুরি শুনানির আবেদন জানালে কর্ণাটক হাইকোর্ট তা নাকচ করে দেয়।

বিচারপতি এম নাগাপ্রসন্নর বেঞ্চে রণবীরের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, সেলিব্রিটি হওয়ার কারণে কোনো অভিযুক্তকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম নেই। ফলে মামলাটির নিয়মিত শুনানি আজ, ২৪ ফেব্রুয়ারি হওয়ার দিন ধার্য করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল গত বছরের আইএফএফআই মঞ্চে। সেখানে ‘কান্তারা’ খ্যাত ঋষভ শেঠির উপস্থিতিতে রণবীর সিং ছবির দৈব চরিত্রের কিছু পবিত্র অঙ্গভঙ্গি নকল করেন। অভিযোগ উঠেছে, ঋষভ শেঠি মানা করা সত্ত্বেও রণবীর তা চালিয়ে যান। এছাড়াও তিনি ‘চাউন্দি দৈব’ কে ‘ফিমেল ঘোস্ট’ বলে সম্বোধন করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অ্যাডভোকেট প্রশান্ত মেথালের করা অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে।

পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই রণবীরকে দুটি নোটিশ পাঠানো হয়েছে। আইনি ঝামেলা এড়াতে রণবীর হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন। এর আগে বিতর্ক শুরু হলে রণবীর প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন যে, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না এবং ভবিষ্যতে তিনি এ বিষয়ে সতর্ক থাকবেন।

আজকের শুনানিতে আদালত ঠিক করবে রণবীরের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং আইনি কার্যক্রম চালিয়ে যাওয়া হবে কি না।


সুত্রঃ বলিউড হাঙ্গামা 

    শেয়ার করুন: