ঘি না পেয়ে নালিশ সাইফ আলী খানের, কী ঘটেছিল?

সাইফ আলী খান
‘কৌন বানেগা ক্রোড়পতি’-র হটসিটে বসে দুই বছরের ফ্রি ঘি জিতে রীতিমতো ইন্টারনেটে সেনসেশন তৈরি করেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেই ঘটনার বহু দিন পর খোদ নবাব সাহেব নিজেই এর আসল সত্য ফাঁস করলেন।
সম্প্রতি কাপিল শর্মার জনপ্রিয় নেটফ্লিক্স শোতে হাজির হয়ে সাইফ অভিযোগ করেন, মেগাস্টার অমিতাভ বচ্চনের শো থেকে জেতা সেই কাঙ্ক্ষিত দুই বছরের ঘি তো দূরের কথা, আজও তার হাতে কোনো চেক বা উপহারের কিচ্ছু এসে পৌঁছায়নি।
কাপিলের শোতে আলোচনা যখন সাইফের হঠাৎ করে ইনস্টাগ্রামে যোগ দেওয়া নিয়ে শুরু হয়, তখন এক ভক্তের কমেন্ট পড়ে শোনানো হয়, ‘দুই বছরের ফ্রি ঘি পাওয়ার আনন্দেই কি সাইফ সামাজিক মাধ্যমে নাম লেখালেন?’ এই রসিকতা শুনে স্ত্রী কারিনা কাপুরসহ স্টুডিওর সবাই হেসে লুটিয়ে পড়েন।
তখনই চটজলদি মজার ছলে সাইফ বলে ওঠেন, ‘আমি বরং একটা পরিষ্কার কথা বলে দিই, আমি কিন্তু আজও সেই দুই বছরের ঘি-ই পেলাম না। এমনকি আমার চেকটাও আসেনি।’ সাইফের এমন মজার ও ভান করা অভিমানী কথা শুনে অর্চনা পুরান সিং ও কারিনাসহ উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সাইফের এই মজার অভিযোগের ক্লিপটি দারুণভাবে ভাইরাল হয়েছে।
গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে অভিনেতা অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে পরিচালক প্রিয়দর্শনের ‘হাইওয়ান’ সিনেমার প্রচারে অমিতাভ বচ্চনের কেবিসি-তে খেলতে এসেছিলেন সাইফ।
শোতে ১০ নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যখন বিগ বি ঘোষণা করেন যে বিজয়ী পাবেন দুই বছরের গোবর্ধন ঘি-র ফ্রি সাপ্লাই, তখন সাইফের চোখে-মুখে যে খুশির ঝিলিক দেখা গিয়েছিল, তা দেখে নেটিজেনরা তাকে ‘ভুল যুগে জন্ম নেওয়া জেন জি মিম মেকার’ বলে আখ্যা দেন।
শোতে কারিনা অবশ্য স্বীকার করেছেন যে তাদের পরিবারে ঘিয়ের ব্যবহার প্রচুর। তবে সাইফ শেষ পর্যন্ত তার সেই কাঙ্ক্ষিত দুই বছরের ঘি ও চেক হাতে পান কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।




