রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

রাখি সাওয়ান্ত
বহু বছর আগের একটি বিতর্কিত টেলিভিশন শোয়ের জেরে ফের বড় আইনি বিপাকে পড়লেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত।
২০১০ সালে তার সঞ্চালনায় প্রচারিত রিয়্যালিটি শো ‘রাখি কা ইনসাফ’-এর একটি পর্বে অপমানিত হয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এবার রাখির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত।
বারবার সমন এড়ানোর কারণে তার বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন-অযোগ্য পরোয়ানা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১০ সালের অক্টোবর মাসে রাখি সাওয়ান্তের সেই শোতে দাম্পত্য কলহ মেটানোর জন্য হাজির করা হয়েছিল ঝাঁসির হংসারী প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ অহিওয়ার ও তার স্ত্রী অনিতাকে।
অভিযোগ রয়েছে, শো চলাকালীন রাখি সাওয়ান্ত প্রকাশ্যে লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই জনসমক্ষে অপমান সহ্য করতে না পেরে ওই বছরই ১০ নভেম্বর আত্মহত্যা করেন লক্ষ্মণ।
ঘটনার পর মৃত যুবকের মা সাবিত্রী দেবী প্রেম নগর থানায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেন। প্রসিকিউশনের অভিযোগ, বিচার প্রক্রিয়া চলাকালীন আদালত থেকে একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও রাখি তা বারবার উপেক্ষা করেছেন।
আর এর ফলেই ক্ষুব্ধ হয়ে শুক্রবার ঝাঁসির ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দেন।
আগামী ১ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের এ কড়া পদক্ষেপে এখন বড় বিপদের মুখে পড়ছেন রাখি সাওয়ান্ত।




