মুক্তির পরই বাজিমাত ‘মির্জাপুর: দ্য মুভি’

সংগৃহীত ছবি
ওটিটি প্ল্যাটফর্মের সর্বকালের অন্যতম জনপ্রিয় ভারতীয় ক্রাইম-ড্রামা ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’। এবার তা আছড়ে পড়েছে রুপালি পর্দায়। ওটিটির সীমানা পেরিয়ে বড় পর্দায় পা রাখতেই বাজিমাত করেছে বহুপ্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’।
থিয়েটারে প্রথম শো শেষ হতেই চারিদিকে শুরু হয়ে গেছে প্রশংসার জোয়ার। খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক তারণ আদর্শ ছবিটিকে ৪/৫ রেটিং দিয়েছেন। তিনি এক কথায় সিনেমাটিকে আখ্যা দিয়েছেন ‘সুপারহিট উইনার’ ও ‘পিক মাস এন্টারটেইনার’ বলে।
দীর্ঘদিনের জনপ্রিয় এই ওয়েব সিরিজকে যখন সিনেমায় রূপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, তখন অনেকের মনেই প্রশ্ন ছিল— এটি কি বড় পর্দায় জমবে? তবে সব জল্পনা উড়িয়ে তারণ আদর্শ জানিয়েছেন, সিনেমাটি শুধু সিরিজের কোনো লম্বা পর্বের মতো মনে হয় না।
এতে যেমন মির্জাপুরের আসল রোমাঞ্চ, সহিংসতা ও ডায়লগবাজি রয়েছে, তেমনই বড় পর্দার জন্য এর স্কেল, বিজিএম এবং অ্যাকশন দৃশ্যগুলোকে দেওয়া হয়েছে এক নতুন মাত্রা।
পরিচালক গুরমীত সিং অত্যন্ত নিখুঁতভাবে নাটকীয়তা, কৌতুক ও ক্রাইমের ভারসাম্য বজায় রেখেছেন। দ্বিতীয় অর্ধেকের গতি কিছুটা মন্থর হলেও জাঁকজমকপূর্ণ ক্লাইম্যাক্স পুরো সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
অভিনয়ের দিক থেকে পুরো এনসেম্বল কাস্ট নিজেদের সেরাটা দিয়েছেন। ‘কালীন ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী ও ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলী ফজল যথারীতি অনবদ্য।
তবে দর্শকমহলে সবচেয়ে বড় উত্তেজনা তৈরি করেছে ‘মুন্না ত্রিপাঠী’ চরিত্রে দিব্যেন্দু শর্মার প্রত্যাবর্তন। তার চরিত্রটি স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গেই প্রেক্ষাগৃহে ধুমধাম সিটি বাজছে বলে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্টরা।
এ ছাড়াও নতুন করে বাবলু পণ্ডিতের মতো চরিত্রে যুক্ত হওয়া জিতেন্দ্র কুমার, রবি কিশন, অভিষেক ব্যানার্জি এবং রসিকা দুগল তারা তাদের জায়গায় ত্রুটিহীন অভিনয় উপহার দিয়েছেন।
পুনীত কৃষ্ণার লেখায় এবং রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি এই ছবিতে তুলে ধরা হয়েছে ত্রিপাঠী ও পণ্ডিত পরিবারের শত্রুতার একদম শুরুর দিকের ইতিহাস।
মূল হিন্দি সংস্করণের পাশাপাশি দক্ষিণ ভারতে তেলুগু ভাষাতেও বড় পর্দায় ডাব করে মুক্তি পেয়েছে সিনেমাটি। সমালোচকদের সবুজ সংকেত পাওয়ার পর এটি বক্স অফিসে নতুন রেকর্ড ভাঙবে বলেই মনে করছেন সিনেমাবোদ্ধারা।






