কন্নড় ভাষায় কথা বলে ভক্তদের মন জয় করলেন রণবীর কাপুর

রণবীর কাপুর
পর্দার ‘রাম’ হয়ে রূপালি পর্দায় আসার আগেই দর্শকদের হৃদয়ে রাজত্ব করতে শুরু করেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। আগামী ৫ নভেম্বর, ২০২৬-এ মুক্তি পেতে চলা মেগা প্রজেক্ট ‘রামায়ণ: রাইজ অব এ লিজেন্ড’-এর আন্তর্জাতিক ট্রেলার লঞ্চের মঞ্চে এক চমৎকার মুহূর্ত উপহার দিয়েছেন রণবীর।
গত ১৫ অক্টোবর বেঙ্গালুরুর জমজমাট ইভেন্টে কন্নড় ভাষায় বক্তব্য রেখে স্থানীয় ভক্তদের একেবারে আপন করে নিয়েছেন এ অভিনেতা।
অনুষ্ঠানের শুরুতেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করার পর রণবীর যখন মাইক্রোফোনে বলে ওঠেন, ‘নমস্কার বেঙ্গালুরু’ তখনই পুরো স্টেডিয়ামে উল্লাসের জোয়ার বয়ে যায়। এরপর সাবলীল ভঙ্গিতে কন্নড় ভাষায় সেখানকার দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
সবচেয়ে দারুণ মুহূর্তটি আসে যখন তিনি ছবির আরেক সুপারস্টার ও অন-স্ক্রিন ‘রাবণ’ অর্থাৎ যশের প্রসঙ্গে কথা বলেন।
দুষ্টুমিভরা হাসিতে রণবীর বলেন, ‘এই সফরে তো এতটুকুই কন্নড় শিখে এসেছি! তবে কথা দিচ্ছি, পরের বার আসার আগে যশ বস-এর কাছ থেকে আরও একটু ভালো করে ভাষাটা শিখে আসব।’ রণবীরের মুখে ‘যশ বস’ ডাকটি শুনে এবং তার এ সাবলীল কন্নড় বলার চেষ্টা দেখে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা।
বেঙ্গালুরুর এই প্রিমিয়ার ইভেন্টে রণবীর কাপুরের সঙ্গে মঞ্চে ছিলেন সাই পল্লবী, যশ, রবি দুবের মতো তারকারা। এ ছাড়াও ছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং পরিচালক নিতেশ তিওয়ারিও।
ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ও প্রতীক্ষিত এ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর, ২০২৬-এ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এর দ্বিতীয় অংশ আসবে ২০২৭ সালে।




