ত্রিশ বছরে নতুন ক্যারিয়ার শুরু করা মোটেও সহজ ছিল না: প্রিয়াঙ্কা

সংগৃহীত ছবি
দীর্ঘদিন বলিউডের পর্দায় অনুপস্থিত থাকার পর নিজের ক্যারিয়ার ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া । ২০১৯ সালে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল 'দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এরপর ভারতীয় সিনেমা ছেড়ে হলিউডে নিজের অবস্থান তৈরি করার কঠিন পথ বেছে নেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ত্রিশ বছর বয়সে নতুন করে ক্যারিয়ার শুরু করা মোটেও সহজ ছিল না। তাঁর ভাষায়, “এটি একেবারে শূন্য থেকে শুরু করার মতো। ২০১৩ সালে যখন আমি নতুন অধ্যায় শুরু করি, তখন বলিউডে প্রতিষ্ঠিত ছিলাম। কিন্তু নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছিলাম। এখন এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে পারি।”
হলিউডে পা রাখার পর নানা পূর্বধারণা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। অনেকেই তাঁর সাবলীল ইংরেজি শুনে বিস্মিত হতেন। সেই সময়টাকে তিনি ‘চ্যালেঞ্জিং’ এবং ‘ভয়ংকর’ বলেই উল্লেখ করেছেন।
সাফল্যের মূলমন্ত্র প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, জীবনে সফল হতে হলে শৃঙ্খলা অত্যন্ত জরুরি। তাঁর মতে, “শৃঙ্খলাই আমাদের সঠিক সময়ে প্রাপ্য জিনিস অর্জনে সাহায্য করে।”
এদিকে দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় মেগাবাজেট সিনেমায় দেখা যেতে পারে এই তারকাকে। শোনা যাচ্ছে, নির্মাতা এস এস রাজামৌলীর নতুন প্রকল্প ‘বারাণসী’তে কাজ করছেন তিনি। পাশাপাশি ‘কৃশ ৪’ ‘ডন ৩’ তেও তাঁর ফেরার সম্ভাবনার গুঞ্জন শোনা যাচ্ছে। গত এক মাস ধরে রাজামৌলীর বিগ বাজেট ছবির শুটিংয়ের জন্য ভারতে নিয়মিত যাতায়াত করছেন প্রিয়াঙ্কা।
সূত্র: এনডিটিভি

