মুক্তি পেল শাহিদ কাপুরের 'ও রোমিও': আবেগঘন বার্তা দিলেন মীরা

সংগৃহীত ছবি
আজ ১৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ ও শাহিদ কাপুরের বহুল প্রতীক্ষিত ছবি 'ও রোমিও'। এই সিনেমায় শাহিদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকর ও অবিনাশ তিওয়ারি। সিনেমাটি মুক্তির আগে বলিউডের তারকাদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যেখানে অনেকেই ছবিটির প্রশংসা করেছেন।
পরিচালক হোমি আদাজানিয়া সিনেমাটির গল্প এবং শাহিদের অভিনয়ের খুব প্রশংসা করেছেন। তিনি তৃপ্তি দিমরির অভিনয়েরও বিশেষ উল্লেখ করে বলেন 'তোমার অভিনয় থেকে চোখ ফেরানো যায় না।'
অন্যদিকে,শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতও ইনস্টাগ্রামে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। পুরো টিমের প্রশংসা করে তিনি বিশাল ভরদ্বাজকে "অসাধারণ রুচিবোধের অধিকারী এক প্রতিভা" হিসেবে বর্ণনা করেছেন এবং সিনেমার আবহ সংগীতের প্রশংসা করেছেন। তাঁর মতে, তৃপ্তি দিমরি "তীব্রতা এবং সারল্য" দিয়ে তাঁর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি তিনি নানা পাটেকরের অভিনয়ের প্রশংসা করেন এবং তামান্না ভাটিয়াকে "স্বর্গীয় সুন্দরী" বলে অভিহিত করেন। শাহিদকে উদ্দেশ্য করে মীরা লিখেছেন, "শাহিদ কাপুর, আমার রোমিও, এটা তোমার সেরা কাজ। তোমার কোনো নিখুঁত অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়নি।"
তিনি শাহিদকে নিয়ে অত্যন্ত গর্বিত এবং তাঁর কঠোর পরিশ্রম ও প্রতিভার প্রশংসা করেছেন। সব মিলিয়ে 'ও রোমিও' নিয়ে এখন বলিপাড়ায় বেশ চর্চা চলছে।
সুত্রঃ এনডিটিভি

