তিন খানের গোপন রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি

সংগৃহীত ছবি
ইন্ডাস্ট্রিতে ৩০ বছর! রানি মুখার্জি এখন বলিউডের সেই অভিজ্ঞ কাণ্ডারি, যিনি খুব কাছ থেকে দেখেছেন তিন খানকে। সম্প্রতি এক আড্ডায় তিনি ফাঁস করলেন আমির, শাহরুখ আর সালমান ব্যক্তিগতভাবে কে কেমন আর কার কাজের স্টাইল ঠিক কতটা আলাদা। রানির বয়ান অনুযায়ী, তিন খানের রসায়নটা ঠিক এই রকম।
আমির খান
রানির ভাষায়, আমিরের সাথে কাজ করা মানেই এক অদ্ভুত শিক্ষা। ছোটবেলা থেকেই আমিরের ওপর বড়সড় ক্রাশ ছিল তাঁর। কিন্তু ১৯৯৮ সালে 'গুলাম' সিনেমার সেটে যখন প্রথম সামনাসামনি কাজ করতে গেলেন, তখন আমিরের ডেডিকেশন দেখে রানি তো অবাক! প্রতিটি শটের পেছনে আমির যতটা গভীরতা আর সিরিয়াসনেস দেখাতেন, সেটাই ছিল রানির জন্য অভিনয়ের প্রথম বড় পাঠ।
শাহরুখ খান
শাহরুখের প্রসঙ্গে রানির গলা যেন কিছুটা বেশিই নরম। তাঁর মতে, শাহরুখের মধ্যে এক অদ্ভুত সংবেদনশীলতা আর ওম আছে। রানি যখন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে 'কুচ কুচ হোতা হ্যায়' বা 'চলতে চলতে' করছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। শাহরুখ তাঁকে তখন থেকেই একদম আগলে রাখতেন। মজার ব্যাপার হলো, শাহরুখ আজও রানিকে 'বেবি' বলেই ডাকেন! কাজের জায়গায় শাহরুখও আমিরের মতো প্রচণ্ড সিরিয়াস।
সালমান খান
সবচেয়ে মজার পর্যবেক্ষণ ছিল সালমানকে নিয়ে। রানি বলছেন, সালমানের সাথে কাজ করতে আসা মানেই একটা ৩৬০ ডিগ্রি মোড় নেওয়া। কারণ আমির বা শাহরুখের সেই সিরিয়াস ভাবমূর্তি সালমানের ধারেকাছেও নেই।সালমান সেটে ঢোকেন এক নিজস্ব সোয়াগ আর বিন্দাস মেজাজ নিয়ে। রানি জানান, সালমানকে দেখে মনে হতে পারে যে তিনি খুব ক্যাজুয়াল বা সিরিয়াস নন, কিন্তু আসলে তিনি প্রচণ্ড পরিশ্রমী। রানি বলেন, "ও এতই হ্যান্ডসাম যে সবাই শুধু তাকিয়েই থাকে, তাই পর্দার পেছনের খাটনিটা অনেকেরই চোখে পড়ে না।"
তিনজনের কাজের ধরন তিন মেরুর হলেও, সিনেমার প্রতি প্যাশনটা তিনজনেরই সমান আর এটাই রানিকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

