ঢাকা শিক্ষা বোর্ড
৪ দিন বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফরম পূরণের সময় আরও ৪ দিন বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের ২ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে আমরা নোটিশ জারি করেছি।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে এসএসসির ব্যবহারিক পরীক্ষা।
গত ৩১ ডিসেম্বর থেকে এসএসসির ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ চলে ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি দিয়ে ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পান। পরে বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বাড়িয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণে এই ফি দিতে হবে। আর ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণের ফি ২ হাজার ৩১৫ টাকা।

