সরকারি তিতুমীর কলেজ
সকালে ছাত্রশিবিরের নবীনবরণ, রাতে নিষেধাজ্ঞা দিল কলেজ প্রশাসন

সংগৃহীত ছবি
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা। তবে অনুষ্ঠান শুরুর প্রায় ১২ ঘণ্টা আগে কলেজ ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ প্রশাসন। এদিকে, নিষেধাজ্ঞার মধ্যেও নবীনবরণ আয়োজনের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।
বুধবার (১৪ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কলেজের অফিসিয়াল প্যাডে হাতে লেখা সংক্ষিপ্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আগামীকাল থেকে শুরু হওয়ায় কলেজে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। ধর্মীয় ও জাতীয় স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, ১৫ অক্টোবর তিতুমীর কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ শাখা ছাত্রশিবির। এ অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ১ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী।
তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, নবীনবরণের আয়োজনের জন্য আগেই কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল। অধ্যক্ষ মৌখিকভাবে অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন। সে অনুযায়ী তারিখ নির্ধারণ, অতিথিদের আমন্ত্রণ এবং প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করা হয়।
খাদেমুল ইসলাম বলেন, অনুষ্ঠানের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের খাবার ও প্রয়োজনীয় উপকরণ কেনাকাটাও শেষ। অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানের ঠিক আগমুহূর্তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরও শিক্ষার্থীদের স্বার্থে নবীনবরণ আয়োজন করা হবে বলে জানান তিনি।
ছাত্রশিবিরের এ নেতা আরও অভিযোগ করেন, সম্প্রতি ছাত্রদল শোডাউন করে অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে একধরনের স্থগিতাদেশ বা নোটিশ জারি করা হয়েছে বলে দাবি তার। এর আগে ছাত্রশিবিরের নবীনবরণের কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
খাদেমুল ইসলাম বলেন, ক্যাম্পাসে নবীনবরণকে ঘিরে উৎসবমুখর পরিবেশ রয়েছে। নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করাই তাদের মূল উদ্দেশ্য।




