আগামীর সময়

শেয়ারবাজারে নির্বাচনী ম্যাজিক: দুই দিনে সূচক বাড়ল ১৭০ পয়েন্ট

শেয়ারবাজারে নির্বাচনী ম্যাজিক: দুই দিনে সূচক বাড়ল ১৭০ পয়েন্ট

প্রতীকী ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের শেয়ারবাজারে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। নির্বাচনের আগে শেষ লেনদেনের দিনে (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৫ শতাংশ বা ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গত দুই কার্যদিবসে সূচক বেড়েছে প্রায় ১৭০ পয়েন্ট। বিনিয়োগকারীদের প্রবল আত্মবিশ্বাস আর সক্রিয় অংশগ্রহণের ফলে ডিএসইর বাজার মূলধন একদিনেই প্রায় ৯ হাজার ৮০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে মত বিশ্লেষকদের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা এবং বেশ কিছু অর্থনৈতিক ইতিবাচক খবর বিনিয়োগকারীদের শেয়ার কিনতে উৎসাহিত করেছে।

গতকালের বাজারে লেনদেনের পরিমাণ ছিল চোখে পড়ার মতো। ডিএসইতে ৭৯০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় ১০ ফেব্রুয়ারি ছিল ভোটের আগে শেষ লেনদেনের সুযোগ। বিনিয়োগকারীরা এই বিরতির আগে ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেয়েছেন, যার প্রতিফলন দেখা গেছে বড় ভলিউমে।

এই চাঙ্গাভাবের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় রপ্তানিমুখী খাতের বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি 'স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি' রেট কিছুটা কমানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলো টাকা অলস না রেখে বাজারে বিনিয়োগে আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে।

বিনিয়োগকারীদের আস্থাকে আরও বাড়িয়ে দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এছাড়া আমানতকারীদের স্বার্থ রক্ষা করা সরকারের অগ্রাধিকার বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এই খবর ব্যাংক খাতের শেয়ারগুলোর দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

    শেয়ার করুন: