রাজিবপুর
সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রাজিবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ম ন ফ বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারীর সুমা আক্তারকে গোপনে তালাক দেওয়ার পরও তার সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। তাদের দাম্পত্য জীবনে এক সন্তানের জন্ম হয়। এদিকে, তালাকের বিষয়টি গোপন রেখে তিনি ঢাকায় জুঁই নামের এক নারীকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ওই নারী জুঁই নারিকেল তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।
গোপনে তালাক দেওয়ার বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সরকারের সাবেক স্ত্রী সুমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার বিদ্যুৎ সরকার (৩০) রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
রাজিবপুর থানার ওসি শাহিন আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।




