বাবার হাত ধরে দাঁড়িয়েছিল কথা পাল, চান্দের গাড়ির ধাক্কায় গেল প্রাণ

তিন বছরের কথা পাল
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় চান্দেরগাড়ির (জিপ) ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে পৌরসভার দিগরপানখালী এলাকার ক্ষেত্রপাল মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারবাং ইউনিয়নের বাইয়াকাটা থেকে মা-বাবা ও স্বজনদের সঙ্গে একটি বৌভাত অনুষ্ঠানে এসেছিল কথা। ভাঙারমুখ-ঘুনিয়া সড়কের দিগরপানখালী এলাকার ক্ষেত্রপাল মন্দিরের কাছে গাড়ি থেকে নেমে বাবা বাবলা পালের হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দ্রুতগতির একটি চান্দেরগাড়ি চিরিঙ্গা শহরের দিকে যাওয়ার পথে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর স্বজন সজল পাল বলেন, ‘আমরা আত্মীয়-স্বজনরা একটি বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম। বাবলা এক হাতে মিষ্টি ও আরেক হাতে তার মেয়ে কথাকে ধরেছিল। সড়ক থেকে কিছু দূরে গাড়ি দাঁড় করিয়ে অন্যদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চান্দের গাড়িটি কথাকে ধাক্কা দেয়। পরে পেছনে এসে আবারও চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



