চুনারুঘাটে বকেয়ার জন্য ফ্যাক্টরিতে তালা
- অনিির্দষ্টকালের কর্মবিরতি

সংগৃহীত ছবি
বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে হবিগঞ্জের চুনারুঘাটের তিনটি চা বাগানের ফ্যাক্টরির গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন চা শ্রমিকরা। এর আগে সোমবার থেকে উপজেলার দেউন্দি, লালচান্দ ও রঘুনন্দন চা বাগানে প্রায় পাঁচ হাজার শ্রমিক অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ডাক দেন। এতে বন্ধ হয়ে যায় চাপাতা চয়ন প্রক্রিয়াজাতকরণ। এতে বাগানগুলো ক্ষতির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিনটি চা বাগানের শ্রমিকরা একত্র হয়ে ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে তাদের পূজার বোনাস ও বকেয়া মজুরি দাবি করেন।
বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সংকটের কারণে তাদের পূজার অর্ধেক বোনাস দেওয়া হবে, বাকি বোনাস পরে দেওয়া হবে বলা হলেও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ফ্যাক্টরি গেটে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। এর আগের দিন সকাল থেকে দেউন্দি, লালচান ও গিলানি চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বাগানের অফিসের সামনে জড়ো হন। এ সময় তারা বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের সাপ্তাহিক মজুরি, রেশন ও উৎসব বোনাস বকেয়া রয়েছে। বারবার বাগান কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে তারা কর্মবিরতির পথে গেছেন।
শ্রমিক নেতা প্রদীপ বোনার্জী বলেছেন, ‘আমরা দিন আনি দিন খাই। বেতন না পেলে সংসার চলবে কীভাবে? বাচ্চাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। দুদিন পরে পূজা, আমরা এখনো পূজার বোনাস পাইনি।’
এ বিষয়ে বাগানের জিএম রিয়াজ উদ্দিন বলেছেন, ‘বাগান চরম আর্থিক সংকটে রয়েছে। কৃষি ব্যাংক লোন দিচ্ছে না বাগানকে। তাই শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি মজুরি ও বোনাস দিতে। আমরা পূজায় অর্ধেক বোনাস দিতে চেয়েছি, তারা তা নেবে না।’



