টেকনাফে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাত, নৈশপ্রহরী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার রাত ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার ঘটনা এটি।
নিহত নাজির হোসেন (৪৭) ওই এলাকার ফজল আহমদের ছেলে। টেকনাফ পৌর শহরের স্টেশন বাজার কমিটির নৈশপ্রহরী ছিলেন তিনি। আহতরা হলেন মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন পল্লানপাড়া এলাকার একটি দোকানে কয়েকজনকে তর্ক করতে দেখেন তারা। একপর্যায়ে কিরিছ ও ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আমেনার অভিযোগ, মো. আরিফের নেতৃত্বে বিজল, সালামত উল্লাহ, সলিম, শফিক ও রিজুয়ানসহ একদল অস্ত্রধারী এই হামলা চালিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ জানিয়েছেন, নাজির হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে ধারণা টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলামের। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে, জানালেন তিনি।





