ফরিদপুর
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

ছবিঃ আগামীর সময়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মুনসুরাবাদ এলাকার যুবকদের ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে পাশ্ববর্তী খাপুরা গ্রামের যুবকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জেরে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
শুক্রবার বিকেলে খাপুরা গ্রামের দুই যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। পরে খাপুরা গ্রামের লোকজন পাল্টা হামলা চালিয়ে মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে মারধর করেন। এরপর সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মামুন বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

