কুমারখালীতে ট্রাকের চাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী যুবক

নিহত আব্দুল্লাহ আল মনসুর নোমান— সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল মনসুর নোমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকেই বৃষ্টি হওয়ায় সড়কটি পিচ্ছিল ছিল। এ সময় চড়াইকোল রেলগেট এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে নোমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। পরে তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, নোমান কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে কুমারখালীর দিকে ফিরছিলেন। নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পড়ে গেলে তিনি ট্রাকের পেছনের চাকায় চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমারখালী হাসপাতালে রাখে।
এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেছেন, ‘মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’







