মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক ঘটনায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া ও বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল এলাকায় ঘটে এ দুটি ঘটনা।
বুধবার সন্ধ্যার দিকে রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় নিজ বসতঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শীতল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জহির মোল্লার ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মধ্যে কোনো একসময় শীতল মোল্লা নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেন। পরে স্বজনেরা সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের সহায়তায় ঘরের দরজা খুলে শীতলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে গামছা কেটে মরদেহ নিচে নামানো হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল এলাকায় নিজ বসতঘরে কীটনাশক পান করে নমিতা বর (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি রাধা বরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, নমিতা বর দীর্ঘদিন ধরে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থান থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




