‘জামায়াতকর্মীদের এখনই প্রস্তুতি নিতে হবে’

ছবি: আগামীর সময়
আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতের দায়িত্বশীলদের এখনই পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
তিনি বলেছেন, রাজনীতিতে কোনো শূন্যতা চিরকাল থাকে না। একপক্ষ পূরণ না করলে অন্যপক্ষ তা পূরণ করবে। এই রাজনৈতিক সুযোগটি জামায়াতে ইসলামীকে কাজে লাগাতে হবে।
যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় নির্বাচনবিষয়ক কর্মশালা’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ শনিবার সকালে যশোর জেলা কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোবারক হোসেন উল্লেখ করেন, কেন্দ্রীয় সংগঠন এরই মধ্যে কৌশলে ছায়া সরকার গঠন করেছে। যার মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলেরও বেশ কয়েকজন দায়িত্বশীল অন্তর্ভুক্ত। পার্লামেন্টে এবং দেশের রাজনীতিতে সঠিক ভারসাম্য বজায় রাখতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বকে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
জেলা আমির গোলাম রসূলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম ও মনিরুল ইসলাম, জেলা শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাশেম রেজা, শহর আমির ইসমাঈল হোসেন এবং জেলা দপ্তর সম্পাদক নূর আলী নূর মামুন প্রমুখ।


