দেশবাসীকে শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়।
সকাল ১০টায় মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পীরপুর ঈদগাহ্ ময়দানে ঈদ নামাজের ইমামতি করেন মুফতি আবু বক্কর সিদ্দিকী।
নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলছিলেন, ‘আপনাদের সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়েনি। কোনো মানুষ কষ্ট পায়নি। আশা করি দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে আমরা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি এসেছে। সামনের দিনেও জনকল্যাণে কাজ করে যাব।’
‘ইতোমধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা নিয়েছি। আরও করব। প্রতিটি মূহূর্তে আমরা জনসেবায় নিয়োজিত। স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের সমস্যা সমাধানের প্রস্তুতি এই সরকারের রয়েছে’, যোগ করেন তিনি।
এর আগে সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী-৩ এর সংসদ সদস্য মনজুর এলাহী।
জেলার সবচেয়ে বড় ঈদ জামাত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া ঈদের জামাত হয়েছে নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।

