মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা, গুলিবিদ্ধ ২

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) সমর্থকদের ওপর ধানের শীষের সমর্থকদের হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন, ৬৫ বছরের নজরুল সরকার ও ৩০ বছরের মো. রিজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থনে সকালে মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে যায় জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন। এসময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ।
ওসি মমিনুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই পক্ষগুলোর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসায় বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

