নদীর পাড়ে হাঁটতে গিয়ে কৃষক পেলেন ২০ কেজির কোরাল মাছ

ছবি: আগামীর সময়
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর পাড়ে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ পেয়েছেন কৃষক মো. নাজিম উদ্দিন।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীর তীরবর্তী একটি খালে পাওয়া যায় মাছটি। কৃষক নাজিম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো সন্ধ্যার পর নদীর তীরে হাঁটতে বের হন নাজিম উদ্দিন। এ সময় তার হাতে থাকা টর্চলাইটের আলোয় খালের অল্প পানির মধ্যে বড় কিছু নড়াচড়া করতে দেখেন। কাছে গিয়ে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি কোরাল মাছ ছটফট করছে। পরে মাছটি ধরে বাড়িতে নিয়ে যান।
খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। স্থানীয়দের অনুরোধে মাছটি পরে চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে নেওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয়দের ধারণা, জোয়ারের পানির সঙ্গে মাছটি খালে উঠে এসে আটকা পড়েছিল। বিশাল আকৃতির এ কোরাল মাছ নিয়ে পুরো এলাকায় আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে সৌভাগ্যের প্রতীক বলেও মন্তব্য করেছেন।
নাজিম উদ্দিন জানিয়েছেন, নদীর পাড়ে হাঁটার সময় পানিতে বড় কিছু নড়াচড়া করতে দেখে কাছে যান। পরে বুঝতে পারেন এটি একটি বড় কোরাল মাছ। দ্রুত সেটি ধরে ফেলেন। তার ভাষ্য, জীবনে এত বড় কোরাল মাছ এই প্রথম পেয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান বলেছেন, রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন মিলে মাছটি কিনে নেন। প্রায় ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। পরে মাছটি কেটে ভাগ করে নেওয়া হয়।






