শ্রীপুর
স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টসকর্মীর স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক ও নয়ন নামে দুজনের পরিচয়সহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক (৩২) সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের ধনুয়া দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়িতে ভাড়া থাকেন। অপর অভিযুক্ত নয়ন (১৯) শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে। ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে শ্রীপুরের নয়নপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফারুক ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এ সময় নয়ন তাদের ভাড়া বাসায় গিয়ে নারীকে টেনেহিঁচড়ে পাশের একটি পরিত্যক্ত টিনশেড বাড়ির কক্ষে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ফারুক ও বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই যুবকও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




