আগামীর সময়

গণভোটের পক্ষে পোস্ট, ১ ঘণ্টার মাথায় ছাত্রদল নেতা বহিষ্কার

গণভোটের পক্ষে পোস্ট, ১ ঘণ্টার মাথায় ছাত্রদল নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি

গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শীর্ষক একটি স্ট্যাটাস দেন।

পোস্টটি নজরে আসার পরপরই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে দলের অন্য নেতা-কর্মীদেরও তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাকিবুল হাসান দীর্ঘকাল ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০২৪ সালের জুলাই বিপ্লবে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

এর আগে ২০২২ সালে বিএনপির আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় তিনি গুরুতর লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। দশম শ্রেণি থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছিলেন।

গণভোটের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে, এটা ভাবতেই পারেননি রাকিবুল। এ বিষয়ে তার মন্তব্য, ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি। জুলাই আন্দোলনেও রাজপথে ছিলাম।’

‘আমি কেবল দেশের মানুষের জন্য গণভোটের দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। শুধু এই কারণে আমাকে বহিষ্কার করা হবে, তা ভাবিনি’, যোগ করেন বহিষ্কৃত ছাত্রদল নেতা।

    শেয়ার করুন: