খুলনায় রূপসা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত
খুলনা অফিস

সংগৃহীত ছবি
খুলনায় রেলওয়ে ইয়ার্ডে রূপসা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ট্রেনটি ওয়াশপিটে নেওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা। ট্রেনটি খালি থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ের খুলনা স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন বলেন, যাত্রা শেষে রূপসা এক্সপ্রেসের খালি ট্রেনটি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ওয়াশপিটে নেওয়া হচ্ছিল। এ সময় ইয়ার্ডের ভেতরে দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর খুলনা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সীমান্ত এক্সপ্রেসের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। তবে উদ্ধারকাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা প্রায় আধা ঘণ্টা বিলম্বিত হয়েছে।




