ভোট শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

সংগৃহীত ছবি
বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দুই দিন বন্ধ থাকার পর আবারও দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুর তিনটা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে অনেকেই কর্মস্থলে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার বিকেল চারটা পর্যন্ত এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা ছিল। সে কারণে দুই দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে শুক্রবার দুপুরের পর থেকেই সাধারণ মানুষ টার্মিনালে জড়ো হতে শুরু করেন।
যাত্রীদের অভিযোগ, সুযোগ নিয়ে পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রী নিরাপত্তা ও ভাড়া নিয়ন্ত্রণে টার্মিনালে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রিমন হোসেন ভোট দিতে গ্রামের বাড়ি সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামে এসেছিলেন। শনিবার কর্মস্থলে যোগ দিতে হবে জানিয়ে তিনি বলেন, ভোট দিয়ে সন্তুষ্ট হলেও এখন বাসে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। ৫০০ টাকার টিকিট ৭০০ টাকায় কিনতে হয়েছে তাকে।
একই অভিযোগ করেন সরকারি চাকরিজীবী আরিফ হোসেন। তিনি গুলিস্তান যাওয়ার জন্য বিআরটিসি বাসে টিকিট কাটতে গেলে ৭০০ টাকা দাবি করা হয়। বিষয়টি সামনে থাকা সেনাবাহিনীর সদস্যদের জানালে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন।
শুধু দূরপাল্লার বাস নয়, অভ্যন্তরীণ রুটের পরিবহনেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঢাকাগামী যাত্রীদের নতুল্লাবাদ বাস টার্মিনাল হয়ে যাতায়াত করতে হচ্ছে অথবা লঞ্চে উঠতেও এই টার্মিনালেই আসতে হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক পরিবহন মালিক ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

