ফেনীর পরশুরামে আগুনে পুড়ল ১৯ দোকান

শুক্রবার গভীর রাতে উপজেলার বক্সমাহমুদ বাজারে এ ঘটনা ঘটে। ছবি: আগামীর সময়
ফেনীর পরশুরামে আগুন লেগে পুড়ে গেছে গুদামসহ ১৯টি দোকান।গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বক্সমাহমুদ বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন (রবিন), মো. মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের (মিনার), মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা ধারণা করছেন।
ব্যবসায়ীরা জানান, এসব দোকানের আয়েই চলত তাদের সংসার। আগুনে পুঁজি ও মালামাল হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেছেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছানোয় অনেক দোকান রক্ষা পেয়েছে।’
পরশুরাম ফায়ার স্টেশনের ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই বেশির ভাগ দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বললেন, ‘হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করতে প্রশাসন চেষ্টা করছে।’




