ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত

মোহাম্মদ আলমগীর। সংগৃহীত ছবি
ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে এক এসআরবি সদস্যের (বাংলাদেশ সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ট্রাকচালক।
গতকাল শনিবার মধ্যরাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কাজ করতেন। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার শান্তিবাগ এলাকায়।
আহত ট্রাকচালকের নাম মো. সজিব। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।
স্থানীয়দের বরাতে মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মো. আসাদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামান। পরে একই লেনে আসা ঢাকা মেট্রো-ট-১১৬-৯৭৬৮ নম্বরের একটি ট্রাকের চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে চালিয়ে কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেন। এরপর ট্রাকটি মহাসড়কের বা পাশ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলমগীরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক সজিব আহত হন।
তিনি জানিয়েছেন, ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজিব ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আসাদুল জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করেছে পুলিশ। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।




