শেরপুর
সুদের টাকা নিয়ে বিরোধে বড় ভাই নিহত, বাবা-ছেলে গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছোট ভাইকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত তোজাম সরকার (৫৫) ও তার ছেলে কাওসার আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় রাতে তোজাম সরকার ও তার সহযোগীরা ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাকে মারধর শুরু করেন।
ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সিরাজকেও মারধর করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় আহত ছানোয়ার হোসেনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিহতের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে নাকুয়া গ্রাম থেকে তোজাম সরকার ও তার ছেলে কাওসার আলীকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ছানোয়ারকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং সিরাজের মরদেহ উদ্ধার করে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




